চাঁদপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের জামিন আবেদন নামঞ্জুর করেছে চাঁদপুরের একটি আদালত।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমাণ্ডে নেওয়ার আবেদনও নামঞ্জুর করা হয়।
এ মামলায় জামিন এবং রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মিলনকে চাঁদপুরের বিচারিক হাকিম শফিউল আজমের আদালতে হাজির করা হয়। মিলন ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়েরকৃত ২২টি মামলার মধ্যে ২১টিতে জামিন পেয়েছেন।
মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম জানান, মিলনের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলার বাদী কচুয়া উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী হারুনুর রশিদ। তিনি গত ৮ ফেব্র"য়ারি কচুয়া থানায় এই মামলা দায়ের করেন। এতে মিলনসহ ৪ জনকে আসামি করা হয়। এছাড়ার অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়।
এই মামলায় মিলনের পক্ষের আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন জানায়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ মিলনকে ৮দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানায়।
মাইনুল ইসলাম জানান, আদালত উভয়পক্ষের আবেদন নামঞ্জুর করে তাকে আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির করার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৬ ঘ.
bdnews24