চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামি আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সময় চট্টগ্রামে জনতার পিটুনিতে আহত এক মাদ্রাসাছাত্র মারা গেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম (২২) নামের ওই ছাত্র বৃহস্পতিবার বিকালে মারা যান বলে জানিয়েছে পুলিশ।
রফিকুল হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (বড় মাদ্রাসা) ছাত্র। বাগেরহাট জেলার চিতলমারি এলাকার নজরুল ইসলামের ছেলে তিনি।
সরকারের বিরুদ্ধে 'ইসলামবিরোধী কর্মকাণ্ডের' অভিযোগ এনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে গত সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন কমিটির চেয়ারম্যান ও ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।
সোমবারের হরতালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের অক্সিজেন বালুচরা এলাকা থেকে চৌধুরী হাট পর্যন্ত হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্ররা দেড় শতাধিক বাস ভাংচুর করে। পুলিশ ও হরতালকারীদের সংঘর্ষে আহত হয় অর্ধশত। সে সময় স্থানীয়রা পিটুনি দিয়ে ১২ জনকে পুলিশে সোপর্দ করে। রফিকুল তাদেরই একজন।
নগরীর বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের দিন গাড়ি ভাঙচুরের সময় বালুচরা এলাকায় স্থানীয়রা কয়েকজন মাদ্রাসা ছাত্রকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পিটুনিতে রফিকুল ইসলামসহ মোট চারজন আহত হয়। পুলিশ চারজনকে হাসপাতালে ভর্তি করে।
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির কনস্টেবল আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল ইসলাম হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। দুপুর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা নজরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান খালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/পিডি/২২১৮ ঘ.
bdnews24