২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে ইসির তিন সুপারিশ

নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে সংবিধানে দুটি উপধারা সংযোজন ও একটি বিধি সংশোধনের সুপারিশ করেছে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে তিনটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে দুটি উপধারা সংযোজন ও একটি বিধি সংশোধনের সুপারিশ করেছে কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাধিক আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখা; তফসিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ে নির্বাচন কমিশনের (ইসির) কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার ওপর নিষেধাজ্ঞা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ইসির পরামর্শ অনুযায়ী কাজ করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ রাখা হয়েছে। "আজ আমরা এই তিনটি প্রস্তাবের বিষয়ে একমত হয়েছি। ইসির এসব সুপারিশ সংবিধান সংশোধন কমিটির কো চেয়ারম্যান বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।" ছহুল জানান, 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী' বিষয়ে সংবিধানের ৫৮ ঘ (১) অনুচ্ছেদ এবং 'দ্বৈত সদস্যতায় বাধা' বিষয়ে ৭১ (১) অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে। এছাড়া 'নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা' বিষয়ে ১২৫ অনুচ্ছেদে আরেকটি ধারা (গ) সংযোজনের সুপারিশ করা হয়েছে। এই নির্বাচন কমিশনার জানান, বিকালেই এসব সুপারিশ লিখিত আকারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবার বিশেষ কমিটির বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে কমিশনারদের সংখ্যা নির্ধারণসহ কিছু বিষয়ে আলোচনা করেছে কমিটি। ১২ এপ্রিলের বৈঠকে এ বিষয়ে কমিটির সদস্যদের মতামত নেওয়া হবে। বিশেষ কমিটির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে ছহুল হোসাইন বলেন, "জাতির সামনে ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিশেষ সুযোগ এসেছে। বর্তমান নির্বাচন কমিশনও অভিজ্ঞতা দিয়ে কিছু বিষয় সংশোধন করা প্রয়োজন বলে মনে করেছে।" ইসির পরামর্শ নেওয়ার সুপারিশ অনুচ্ছেদ ৫৮ ঘ (১)-এ বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি অন্তবর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের সহায়তায় সরকারের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করবে। এসব কাজ সম্পাদনের প্রয়োজন ছাড়া কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবে না। এই ধারার সঙ্গে 'তবে (তত্ত্বাবধায়ক সরকার) নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে সম্পাদন করবেন'- এই বাক্যটি যুক্ত করার সুপারিশ করেছে ইসি। ছহুল হোসাইন বলেন, "কমিশনকে শক্তিশালী করতেই এ সুপারিশ করা হয়েছে।" একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা নয় ইসি মনে করে, প্রার্থীরা একাধিক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সব আসনে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না, সবার জন্য সমান সুযোগও নিশ্চিত হয় না। এ কারণে নির্বাচনে এক প্রার্থীর একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। সংবিধানের অনুচ্ছেদ ৭১ (১)-এ বলা হয়েছে- কোনো ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হবেন না। তবে (২) দফায় বলা হয়েছে, একই সময়ে দুই বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে (১) দফায় বর্ণিত নিয়ম প্রতিবন্ধক হবে না। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির ইসি সুপারিশ করেছে- ৭১ (১) অনুচ্ছেদ সংশোধন করে লিখতে হবে- 'কোনো ব্যক্তি একসঙ্গে একটির বেশি নির্বাচনী এলাকা থেকে (সংসদ নির্বাচনে) প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।' আগে গণপ্রতিনিধিত্ব আদেশে মেনে সর্বোচ্চ ৫ আসনে নির্বাচনের সুযোগ ছিল। বর্তমান কমিশন তা কমিয়ে ৩ আসনে বেঁধে দেয়। ইসি এখন প্রতিদ্বন্দ্বিতার সুযোগ একটি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। তফসিলের পর ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ নয় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, তফসিল ঘোষণার পরপরই সীমানাসহ নানা বিষয়ে অনেকে আদালতের শরণাপন্ন হন এবং স্থগিতাদেশ নিয়ে আসেন। এতে নির্বাচন আয়োজনে বিপুল অর্থের অপচয় হয়। সেই সঙ্গে ইসির ওপর এক ধরনের চাপ তৈরি হয়। এ কারণে প্রতিবেশী দেশের অনুসরণে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্তইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ বন্ধ রাখার সুপারিশ করেছে কমিশন। এ কারণে অনুচ্ছেদ ১২৫-এ একটি নতুন উপ ধারা (গ) যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসি। এতে বলা হয়েছে- 'নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ইসির সিদ্ধান্ত নিয়ে কোনো আদালতে কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবেন না।" তিন সদস্যের কমিশন নির্বাচন কমিশনারের সংখ্যা কতোজন হবে- সংবিধানে তার সুনির্দিষ্ট উল্লেখ না থাকলেও বর্তমান কমিশন তিন জন সদস্য রাখারই পক্ষে। এ বিষয়টি মৌখিকভাবে বিশেষ কমিটিকে জানানো হয়েছে। বর্তমান কমিশনের সদস্য সংখ্যা তিনজন হলেও অতীতে সর্বোচ্চ সাত সদস্যের কমিশন গঠনেরও নজির রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২০১ ঘ.