ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
দলের স্থায়ী কমিটির বৈঠকের কয়েক ঘণ্টা আগে বুধবার দুপুরে এক আলোচনা সভায় ওই কমিটির এ সদস্য বলেন, "এ সরকারের হাতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়। তাই খালেদা জিয়ার নেতৃত্বে এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।"
আন্দোলনের কর্মসূচি ঠিক করতে সন্ধ্যায়ই খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি আগেই বলেছিলো, বিশ্বকাপ ক্রিকেটের পর তারা আন্দোলনের কর্মসূচি দেবে।
জাতীয় প্রেসক্লাবে স্বদেশ পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে 'বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মোশাররফ।
তিনি বলেন, "আওয়ামী লীগ জিয়াকে ভয় পায় বলে তাকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু এতে তারা কোনোদিন সফল হবে না।"
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে মোশাররফ বলেন, "প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ভারতীয় রাষ্ট্রপতি রেড্ডী, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে. জেনারেল জ্যাকবের কথায়ই তার প্রমাণ রয়েছে।"
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মান্নানের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনাম আহমেদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, এম হামিদুল্লাহ খান, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24