বগুড়া, এপ্রিল ০৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী নীতিতে কিছু বিষয়ে 'অস্পষ্টতা' রয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি আরো বলেন, এই 'অস্পষ্টতার' সুযোগ নিয়ে যারা অন্দোলনে নেমেছে তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সুরাহা হওয়া প্রয়োজন। অন্যথায় আগামী নির্বাচনে মহাজোটের ক্ষতি হতে পারে বলে এরশাদ আশংকা প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেলে রংপুরে জাতীয় পার্টির জেলা কাউন্সিলে যোগ দিতে যাওয়ার পথে বগুড়া শহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রিসভায় নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর এর বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
মহাজোটের শরিক জাপা'র প্রধান বলেন, "মুফতি ফজলুল হক আমিনী নারী নীতির কোন ধারা দেখে হরতাল ডেকেছেন তা বোধগম্য নয়। তবে নারী নীতিতে কিছু বিষয়ে অস্পষ্টতা আছে।"
এরশাদ মনে করেন, সরকারিভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধান করা যায়। 'অস্পষ্টতার' সুযোগ নিয়ে তারা [ইসলামী আইন বাস্তবায়ন কমিটি] যে আন্দোলনের ডাক দিয়েছে তা দেশের জন্য শুভ নয়। তাই তাদের সঙ্গে দ্রুত আলোচনা করে এ বিষয়ে সুরাহা হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আন্দোলনকারীরা দাবি করছে নারী নীতি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। আর সরকার বলছে- নারী নীতিতে এমন কিছু নাই, যা কোরআন সুন্নাহর বিরোধী। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের মতে নারী নীতিতে যে বিষয়গুলো সাংঘর্ষিক তা পরিবর্তন করা যেতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত ট্রানজিট সুবিধার জন্য ভারতের সঙ্গে আলোচনা করে মাশুল নির্ধারণ করতে হবে। কারণ, এই ট্রানজিট সুবিধার মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে। তবে এতে ছাড় দেওয়া হলে কোনো লাভ থাকবেনা।
মুহাম্মদ ইউনূসের অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, নোবেল বিজয়ী ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার ক্ষুদ্রঋণের মডেল বিভিন্ন দেশ গ্রহণ করেছে। একারণে ছাড় দিয়ে হলেও সরকারের উচিৎ একটি সমাধানে পৌঁছা, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি না হয়।
পথে যাত্রাবিরতির সময় এরশাদের সঙ্গে ছিলেন- স্ত্রী রওশন এরশাদ, ছেলে এরিক, বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি আলতাফ আলী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর প্রমুখ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২৪ঘ.
bdnews24