২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগের ৪৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন এক যুবলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

মাদারীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করেছেন এক যুবলীগ নেতা। রোবার রাতে সদর থানায় অভিযোগটি দায়ের করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাহিদুল ইসলাম এবং আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর নাম দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) নির্বাচনের দিন সকালে জেলা আওয়ামী লীগের দু'টি গ্র"পের মধ্যে সংঘর্ষে দলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানও রয়েছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচন ভণ্ডুল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে কলেজ গেটে বাদী পাভেলুর রহমান শফিক খানকে আক্রমণ করে। তাকে বাঁচাতে মিলন খান, কামাল হোসেন, রুবেল ও সোহাগসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে। ওই সময় যুবলীগ নেতা মিলন খান ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাহিদুল ইসলামের সহায়তা চাইলে তিনি সহায়তা না করে উল্টো তাকে লাথি মারেন। মাদারীপুর সদর থানার ওসি কায়ুম আলী সরদার বলেন, সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে ঘটনা সঠিক প্রমাণিত হলেই অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে। অভিযুক্ত মাদারীপুর পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি খালিদ হোসেন ইয়াদ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় তাকেসহ আওয়ামী লীগের প্রথম সারির প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা শুনেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী নন। অভিযোগকারী পাভেলুর রহমান শফিক খান বলেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি মিলন খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। অপর অভিযুক্তদের মধ্যে মাদারীপুর আদালতের পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, সহ-সভাপতি অহিদুর রহমান তোতা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দুলাল চৌধুরী, কেন্দ্রীয় আ'লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের ভাই জালালউদ্দিন ইয়ামিন, মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়া, আ'লীগ নেতা ইমরান লতিফ, মিরাজ খান, সিরাজ খান, বাবু শরীফ, মেজবাহউদ্দিন টিপু, ইলিয়াছ শরীফ, মাহবুব শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, সদর উপজেলার দুধখালী ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা হুমায়ন কবির খান, কলেজের সাবেক ভিপি আতাহার সরদার, সাবেক ভিপি শাহাদাতুল্লাহ সরদার, নব-নির্বাচিত ভিপি জাহিদ হাসান অনিক, জিএস জহিরুল মোল্লা, এজিএস মশিউর রহমান নাহিদসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.