ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ মনে করে, কৌশলে আমিনীকে 'প্রক্সি' হিসাবে ব্যবহার করে হরতাল করেছে বিএনপি-জামায়াত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার বলেছেন, এই হরতাল আমিনীর নয়। এই হরতাল বিএনপি-জামায়াতের। কৌশলগত কারণে আমিনীকে ব্যবহার করা হয়েছে। আমিনীকে প্রক্সি হিসাবে ব্যবহার করা হয়েছে।
"এই হরতালে বিএনপি-জামায়াত শুধু টাকা ও অস্ত্রই দেয়নি; এই দু'দলের কর্মী বাহিনীও হরতালের সময় সক্রিয় ছিলো। এদের সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।"
১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করতে সোমবার বিকালে দলের ধানমন্ডি কার্যালয়ে প্রস্তুতি বৈঠকে বসে আওয়ামী লীগের বিশেষ কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক হয়।
গত ৭ মার্চ মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদন করে। এর পরদিন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এ হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
হরতালে সমর্থন বিষয়ে বিএনপি-জামায়াত প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি।
আশরাফ বলেন, বিএনপি-জামাত হরতালের নামে যে ষড়যন্ত্র করতে চেয়েছিলো- তা সফল হয়নি।
বিএনপি-জামায়াতকে নারীনীতি বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানান আশরাফ।
তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা বাংলাদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে দেবো না।
"যারা নারী নীতি পড়েন না তাদের হরতাল ডাকা উচিত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24