নারায়ণগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সোমবার সকালে হরতালকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ সময় সিদ্ধিরগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হরতালকারীরা। সংঘর্ষ ও ভাংচুর চলাকালে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসাসহ আশেপাশের মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সাইনবোর্ড মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে র্যাব ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা। এ সময় কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করা হয়। তাদের তাণ্ডবে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিপেটা করে এবং পরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এসময় হরতালকারীরা পিছু হটলেও কিছুক্ষণ পর ঢাকার যাত্রাবাড়ি থানার মাতুয়াইল শান্তিনগর, ডগাইল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিতালী মার্কেট, সাহেবপাড়া, নিউ টাউন এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী হামলা পাল্টা হামলায় র্যাব সদস্য মতিউর রহমান, পুলিশ কনস্টেবল ইব্রাহিম, রানা, বোরহানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন আহত হন। এছাড়া টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক মনিরুল ইসলামসহ আরো অন্তত ৪০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। হামলা ও ভাংচুরের সময় গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে।
এর আগে ভোরে ফজরের নামাজের পর পরই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমর্থক মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসে। তারা নারায়ণগঞ্জের চাষাঢ়া গোল চত্বর, দুই নম্বর রেলগেইট, ডিআইটি ও খানপুর মেট্রো হল মোড়, ফতুল্লার পঞ্চবটি, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডসহ (সংযোগ সড়ক) গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে নেয়। এ সময় বেশিরভাগ হরতাল সমর্থকের হাতে লাঠিসোঁটা, রড, ধারালো অস্ত্র দেখা যায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
সকাল ৮টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকা দিয়ে রিকশায় করে লাঠিসোঁটা নিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
অবশ্য ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক ও শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল আউয়াল দাবি করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান বলেন, "সকাল থেকেই হরতাল সমর্থসনকারী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় এবং রাস্তায় বসে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ লাঠিপেটা করে।"
এদিকে দুুপুর ১টার দিকে আওয়ামী লীগ শহরে হরতালবিরোধী মিছিল বের করে। এ সময় হরতালবিরোধীদের প্রহরায় শহরে বেশ কিছু খালি গাড়ি চলতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২০০৬ ঘ.
bdnews24