ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শিগগরিই দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন মওদুদ আহমদ।
রোববার বিকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে। আমাদের নেত্রী [খালেদা] সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। শিগিগরই দলের স্থায়ী কমিটির বৈঠক হবে। সেখানেই আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে।''
আন্দোলনের কর্মসূচি কী হতে পারে- জানতে চাইলে মওদুদ বলেন, আন্দোলন কর্মসূচিতে হরতালও থাকতে পারে। সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। মানুষ তাদের ওপর অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই। দলের নেত্রী [খালেদা] বলেছেন বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার পর আন্দোলনের কর্মসূচি দেবেন।
বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে আইনজীবীদের এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, "বিশ্বকাপের পর আমরা সরকারকে পদত্যাগ করে মধ্যবতী নির্বাচন দিতে বাধ্য করতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।"
সৌদি আরব সফর শেষে বিকালে দেশে ফিরেছেন খালেদা জিয়া।
গত ২০ মার্চ সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য তিনি রিয়াদ যান। সেখানে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তার পায়ের চিকিৎসা করা হয়।
১৪ দিনের এ সফরে বিরোধী দলীয় নেতা মক্কায় ওমরাহ পালন করেন। তিনি মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারকও জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫৯ ঘ.
bdnews24