কুমিল্লা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসন ১৪৪ ধারা জারি করায় কুমিল্লার বরুড়ায় এক স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের ডাকা সভার কোনোটিই হতে পারেনি।
শনিবার বিকালে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে সভা ডাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিমের অনুসারী আওয়ামী লীগ নেতারা।
পরে ওই স্থানেই সমাবেশ ডাকে সরকারদলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত উপজেলা ছাত্রলীগ।
এ কারণে সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে বরুড়া থানার ওসি আবু সালাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "আওয়ামী লীগের কোনো পক্ষই আমাদের সভার বিষয়টি জানায়নি। তাই শান্তি-শৃঙ্খলার স্বার্থে কাউকেই সভা করতে দেওয়া হয়নি।"
সভা পণ্ডের জন্য ছাত্রলীগকে দায়ী করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষ্মীপুর ইউনিয়নের কমিটি গঠনের জন্য আমরা সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান সংসদ সদস্যের পালিত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগের সভাকে পণ্ড করতে একই জায়গায় মিটিং ডেকেছে।"
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি বকতার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বরুড়ায় সাবেক সংসদ সদস্য হাকিম গত নির্বাচনে মনোনয়ন পাননি। এর পর থেকে বর্তমান সংসদ সদস্য নাছিমুলের সঙ্গে তার বিরোধ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.
bdnews24