২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিক্ষককে হাতুড়ি পেটা

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাগুরার এক স্কুল শিক্ষককে হাতুড়িপেটায় জখম করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

মাগুরা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাগুরার এক স্কুল শিক্ষককে হাতুড়িপেটায় জখম করার অভিযোগ উঠেছে। শ্রীপুর উপজেলা সদরে মঙ্গলবার বিকালে ওই ঘটনায় আহত কামরুজ্জামান সাইমন নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। এ হামলার প্রতিবাদে বুধবার দুপুরে স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা নাকোল বাজারে মানববন্ধন করেছেন। আহত এই শিক্ষক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের একটি ঘটনার জেরে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মশিউর রহমান ও উপজেলা ছাত্রলীগ সম্পাদক জালালের নেতৃত্বে তার উপর হামলা হয়েছে। তিনি বলেন, ১৯ মার্চ তাদের বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন উপস্থাপক। সন্ধ্যায় অনুষ্ঠানে শ্রীপুর সদরের লালন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছিলেন। কয়েকটি গান করার পর ঢাকার অতিথি শিল্পীরা চলে আসায় কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয়দের গান আর হবে না বলে ঘোষণা দেন তিনি। এ নিয়ে মশিউর ও জালাল তার উপর ক্ষিপ্ত হয়ে পরে দেখে নেওয়ার হুমকি দেন। মঙ্গলবার উপজেলা পরিষদে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরার পথে এই দু'জনের নেতৃত্বে কয়েকজন তরুণ হাতুড়ি ও লাঠি দিয়ে তার উপর হামলা চালায়। এ বিষয়ে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শফিকুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বর্বর হামলার ব্যাপারে যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে। এর প্রতিবাদে বুধবার দুপুর ১টায় নাকোল বাজারে শিক্ষক ও কয়েকশ' শিক্ষার্থী মানববন্ধন করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়নুর রশিদ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মশিউর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.