ফেনী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলায় মঙ্গলবার যুবলীগ ও ছাত্রলীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
উপজেলা সদরে যুবলীগ কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর নবী হিরু, যুগ্ম আহ্বায়ক নুরের ছাপা পলাশ, যুবলীগ কর্মী জসিম, শিপলু ও পলাশসহ অন্তত ১০ জন। বাকিদের নাম জানা যায়নি।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল স্থানীয় যুবলীগ। জড়ো হয় শতাধিক নেতাকর্মী।
এ সময় ৪০/৫০ জন 'ছাত্রলীগ ও যুবলীগ কর্মী' লাঠি, হকিস্টিক, দা ও চাপাতি নিয়ে তাদের উপর হামলা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রায় দু'ঘণ্টা চলে দু'পক্ষের সংঘর্ষ।
জেলা ছাত্রলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান, কিছুদিন আগে দাগনভূঞা পৌর যুবলীগের কমিটি গঠন নিয়ে সংগঠনের একটি অংশ বিক্ষুব্ধ ছিল।
এর জেরে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দাগনভূঞা থনার ওসি শেখ লুৎফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24