ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পর বিএনপি তা বাতিলের সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, "তার (মওদুদ আহমদ) দুই-তৃতীয়াংশের খোয়াবও কখনো পূরণ হবে না, সংবিধানে জাতির পিতার এ স্বীকৃতিও বদলানো যাবে না।"
বিএনপি নেতা ও চারদলীয় জোট সরকারের সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ রোববার বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলে আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি তা বাতিল করবে।
মওদুদের এ বক্তব্যের জবাবে সুরঞ্জিত সোমবার বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে প্রদর্শনের বিধান ছিল। কিন্তু চার দলীয় জোট সরকার আইন করে ছবি নামিয়ে দিয়েছিলো।
"এবার তারা আর সে সুযোগ পাবে না। বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করে তা সংবিধানের প্রজাতন্ত্র অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে। এ সাংবিধানিক স্বীকৃতিকে অলঙ্ঘনীয় ও অপরিবর্তনীয় করা হবে।"
১৫ ফেব্র"য়ারি বিশেষ কমিটির বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি এবং সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান ও দূতাবাসে তা প্রদর্শনের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হয়েছে কমিটি।
বিরোধী দলের অনুপস্থিতিতে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিলে পরে প্রশ্ন উঠবে কি না- জানতে চাইলে ওই দিন তিনি বলেন, "পাকিস্তানে তো জাতির পিতা আছে, তাদের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যারা পাকিস্তানে বিশ্বাস করে- তাদের তো জিন্নাহ সাহেব আছেন।"
কমিটিতে আসার আহ্বান
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে এসে বিরোধী দলকে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন সুরঞ্জিত।
একাদশ ও দ্বাদশ সংশোধনীতে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে সোমবার ব্রিফিংয়ে তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রপতি পদ্ধতি নিয়ে যখন সঙ্কটে পড়েছিল- তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের রক্ষার করার জন্য এগিয়ে গিয়েছিলেন।"
সুরঞ্জিত জানান, ওই সময়ে সালাহউদ্দিন ইউসুফ ও আব্দুস সামাদ আজাদ বিল এনেছিলেন। যদিও তারা জানতেন যে বিরোধী দল বিল এনে সংবিধানে পরিবর্তন করতে পারে না।
তখন সংবিধান সংশোধন না হলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে দাবি করেন কো চেয়ারম্যান।
বর্তমান বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বাইরে থেকে উস্কানি না দিয়ে সংবিধান সংশোধনের এ কমিটিতে আসুন।"
বর্তমান কমিটির সদস্য হওয়ার জন্য বিএনপির একজনের নাম চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তবে বিরোধী দল এ বিষয়ে সাড়া দেয়নি।
চলতি সংসদের অষ্টম অধিবেশনের শেষ দিন শেখ হাসিনা বলেন, "সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি করা হয়েছে, সেখানে আপনারাও (বিরোধী দল) আছেন। আসুন, আপনারা আসুন, আমরা সবাই মিলে কাজ করি। যেন কেউ আর অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করতে না পারে।"
প্রধানমন্ত্রী বলেন, "সংবিধান সংশোধনের জন্য একটি অধিবেশন ডাকতে হবে। সে অধিবেশনে উপস্থিত থেকে আপনারা সংবিধান সংশোধনে ভূমিকা রাখবেন।"
'স্বাধীনতার ঘোষণা'
আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত ব্রিফিংয়ে জানান, স্বাধীনতার ঘোষণা নিয়ে ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংবিধানিকভাবে মীমাংসিত বিষয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টির অবকাশ নেই।
তিনি বলেন, "যে সংবিধান নিয়ে আমরা যুদ্ধ করেছি, মুজিবনগর সরকার হয়েছিল, সেখানে বলা হয়েছে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে। মূলত ২৬ মার্চে বঙ্গবন্ধুর দেওয়া টেলিগ্রামই স্বাধীনতার ঘোষণা। বর্তমান সংবিধানের প্রস্তবনাতেও এমন উল্লেখ রয়েছে। পরের কেচ্ছা ২৭ মার্চ থেকে। তা অনেক পরের বিষয়।"
সুরঞ্জিত জানান, ১৯৭২ এর সংবিধানেও বলা ছিল, বঙ্গবন্ধুই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর এটাই রাজনৈতিক, ঐতিহাসিক ও সাংবিধানিক সত্য। এ নিয়ে বিতর্কের আর সুযোগ নেই।
এর আগে ১৩ মার্চ সুরঞ্জিত জানিয়েছিলেন, স্বাধীনতা ঘোষণা ও ঘোষণাপত্র সংবিধানের অংশ করা হচ্ছে।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে সংবিধান সংশোধনে এই বিশেষ কমিটি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24