২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপি'র সভামঞ্চ ভাংচুর

নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সভামঞ্চ কৃষক লীগ সমর্থকরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

নরসিংদী, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সভামঞ্চ কৃষক লীগ সমর্থকরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিতে গিয়ে বিএনপির ১০ নেতাকর্মী আহত হন বলে দলের নেতারা দাবি করেন। শুক্রবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি'র সভামঞ্চ ভেঙে দিয়ে ৫০/৬০ জন লোক জায়গাটি দখলে নেয়। তবে এরপর সেখানে কেউ সভা করেনি। পলাশ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভামঞ্চ কে ভেঙেছে তা তারা জানেন না। তবে বাসস্ট্যান্ডে সভা করার জন্য ২১ মার্চ উপজেলা কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুমতি দেওয়া হয়েছিলো বলে জানান ওসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খাঁন শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা সভামঞ্চ ভাংচুর করে এবং কুপিয়ে বিএনপি'র ১০ নেতাকর্মীকে আহত করেছে।" তিনি প্রশাসন নিরপেক্ষ নয় বলে দাবি করেন। আহত হন- ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মোল্লা (৩০), ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল বাছেদ (৪০), ওই ওয়ার্ড যুবদল সভাপতি শাহিন (৩৫), পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো. সোহেল (২৫), রাসেলসহ (২০) অন্তত ১০ নেতাকর্মী। তাদের নরসিংদী সদর হাসপাতাল, মুক্তি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাধীনতা দিবসে আলোচনা সভার জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন আব্দুল মঈন খাঁন। এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, এখানে স্বাধীনতা দিবসের সভা করার জন্য সাত দিন আগেই অনুমতি নিয়ে রেখেছিলো কৃষক লীগ। কৃষক লীগের কোনো নেতার সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০৬ ঘ.