জামালপুর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'গ্র"পের সমাবেশ করা নিয়ে শনিবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আহত একজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবেদ আলী সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদের সমর্থকরা খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে সমাবেশ ডাকে। একই স্থানে সমাবেশ ডাকে দলের উপজেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিনের সমর্থকরা।
আবেদ আলী আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন উপজেলা সদরে শনিবার দুপুর দেড়টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ইউএনও।
বকশিগঞ্জ থানার ওসি নাসির উদ্দিন আহমেদ জানান, শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
ওসি জানান, মেডিসিন পক্ষের সমর্থক হিসেবে পরিচিত বাট্রাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমানকে (৫৫) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা প্রশাসন কোনো কারণ ছাড়াই ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মেডিসিন নিজেকে দলের 'ভারপ্রাপ্ত সভাপতি' দাবি করে বলেন, নুর মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনের সময়। তিনি দলের ভেতর বিশৃঙ্খলা করতে এ সমাবেশ আহ্বান করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৯ ঘ.
bdnews24