ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এ পর্যন্ত বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম নিয়ে যা হয়েছে তা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।
বিসমিল্লাহ রেখে সংবিধান সংশোধন করা হলে তা হবে ধর্মনিপেক্ষতার সাথে সাংঘর্ষিক হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কুরআন গবেষণা প্রতিষ্ঠান ও আলোচনা কেন্দ্র আয়োজিত 'কুরআনের আলোকে সংবিধানে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ' শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।
রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা হয়েছিল মন্তব্য করে মেনন বলেন, "রাষ্ট্রধর্ম থাকতে হবে- এ ধরনের কোন বিধান ইসলামে নেই।"
১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে ১৯৭২ সালের সংবিধান সংশোধন করে প্রস্তাবনায় 'বিসমিল্লাহির-রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এই শব্দগুলো যোগ করেন।
আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করার পর সরকার গত বছর সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এজন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়।
এই কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গত ১১ ফেব্র"য়ারি এক আলোচনা সভায় বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম রেখেই সংবিধান সংশোধন করা হবে।
বাহাত্তরের সংবিধানের মূল চেতনায় ফিরে আসাই এ সরকারের লক্ষ্য জানিয়ে শুক্রবার মেনন বলেন, "এখন মুক্তিযুদ্ধের মূল চিন্তধারায় ফিরে আসতে হবে। সত্যিকার অর্থে ১৯৭২-এর সংবিধানে ফিরে যেতে চাইলে বিসমিল্লাহ রাখা ঠিক হবে না।"
প্রধান অতিথির বক্তব্যে আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম. শাহ আলম বলেন, "ধর্মনিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক নয়, এভাবে বিসমিল্লাহ রাখা যেতে পারে। তবে এটি সরকার ও সংসদ বিবেচনা করবে। একটি স্বার্থান্বেষী মহল ধর্মের নামে অপকর্ম করেছে।"
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আখতারুজ্জামান, সাবেক জজ সৈয়দ আবদুল্লাহ সহিদ, কুরআন গবেষণা প্রতিষ্ঠান ও আলোচনা কেন্দ্রের সভাপতি ড. মেজবাহ্ উল ইসলাম আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/জেকে/১৭১৩ ঘ.
bdnews24