২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরস্পরকে আস্থায় নিতে বললেন স্পিকার

স্পিকার আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সরকারি ও বিরোধী দল পরস্পরকে আস্থায় নিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সরকারি ও বিরোধী দল পরস্পরকে আস্থায় নিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। বৃহস্পতিবার সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি। এ অধিবেশন চলেছে ৩৩ কার্যদিবস। রাত সাড়ে ৯টার দিকে অধিবেশন সমাপ্ত হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংশোধনী প্রস্তাবে আলোচনার সুযোগ না দেওয়ায় ৯টা ১৬ মিনিটে ওয়াক আউট করে বিরোধী দলের সদস্যরা। অতীতে কখনো রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত সংশোধনী প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হয়নি। পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের বিকাশে অন্যতম পূর্বশর্ত জানিয়ে স্পিকার বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা না করে জাতীয় বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করতে হবে। সংসদকে সব দল, মত ও পথের মিলনকেন্দ্রে পরিণত করতে হবে। "প্রধান বিরোধী দল বিভিন্ন ইস্যুতে এবারের অধিবেশনে সরকারের সমালোচনা করেছে। মত ভিন্নতার কারণে ওয়াক আউট করেছে তারা। ওয়াক আউট সংসদীয় কার্যক্রমেরই অংশ।" তিনি বলেন, আমি মনে করি, বিরোধী দলের গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনার ক্ষেত্রে এবং সরকারের ত্র"টি বিচ্যুতি ধরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। অষ্টম অধিবেশনে যত বিল টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ১৫ মার্চ সংসদে ফিরে আসে প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার জানান, এ পর্যন্ত পাওয়া ১৫ বিলের মধ্যে ছয়টি বিল পাস হয়েছে, আটটি বিল স্থায়ী কমিটিতে বিবেচনাধীন ও একটি বিল উত্থাপনের অপেক্ষায় রয়েছে। আইন প্রণয়নের কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে সাতশ সাতটি নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে ৪৫টি গৃহীত হয়েছে ও ২৪টি আলোচিত হয়েছে। ৭১ (ক) বিধিতে দুই মিনিট করে আলোচিত নোটিশের সংখ্যা দুশ ২৫টি। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য দুশ ৪৬টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৮৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য মোট পাঁচ হাজার একশ ৩৮টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে তারকা চিহিত তিন হাজার আটশ ৬৮টি ও তারকা চিহ্নহীন এক হাজার দুশ ৭০টি প্রশ্ন রয়েছে। এসব প্রশ্নের মধ্যে তিন হাজার দুশ ৪৬টি প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। এরমধ্যে তারকা চিহ্নিত দু হাজার তিনশ ৪৫টি ও তারকা চিহ্নহীন নয়শ একটি প্রশ্ন রয়েছে। ধন্যাবাদ প্রস্তাব স্পিকার জানান, এবারের অধিবেশন ছিল ২০১১ সালের প্রথম অধিবেশন। সংসদের প্রথা অনুযায়ী অধিবেশনের প্রথম কার্য দিবসে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ দেন। এ ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের দুশ ২৭ জন সংসদ সদস্য ৪১ ঘণ্টা ২৬ মিনিট ঘণ্টা আলোচনায় অংশ নেন। স্পিকারের বক্তব্যের আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধী দলের ১৩ সদস্যের এক হাজার ৩০টি সংশোধনী প্রস্তাব দেন। তা কণ্ঠভোটে নাকচ হয়। চিফ হুইপ আব্দুস শহীদ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন। স্পিকার তা কণ্ঠভোটে দিলে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সব শেষে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন স্পিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৬ ঘ.