ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সংগঠনটির সাবেক এক নেতা বলেছেন, তাদের সময়ে টেন্ডারবাজি কী- তাই তারা বুঝতেন না।
২৩ মার্চ 'জাতীয় পতাকা দিবস' উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাক্তণ ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রউফ এ কথা বলেন।
তিনি বলেন, "টেন্ডারবাজি কী- তাই আমরা বুঝতাম না। এখনকার নেতাকর্মীরা টেন্ডাবাজিতে জড়িয়ে পড়ছে। তাদের মধ্যে অবক্ষয় নেমে এসেছে।"
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, "আগে নেতাকর্মীরা জাতীয় স্বার্থে রাজনীতি করতো। বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সেই চেতনা নেই।"
অনুষ্ঠানে বক্তারা অতীতের ছাত্রলীগ এবং তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতাদের মূল্যায়নের জন্য শেখ হাসিনার কাছে দাবি জানান।
প্রাক্তণ ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক সভপতি সৈয়দ মাযহারুল হক বাকী, নূরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী আবুল কাশেম, গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২১১৫ ঘ.
bdnews24