নাটোর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার ১১ আসামি মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেছেন।
সকালে উপজেলার বনপাড়ায় মামলার এক আসামির বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সদ্য জামিন পাওয়া এই ১১ আসামির পক্ষে দাবি করা হয়, মুক্তি পেয়ে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়া কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশ নেননি। কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি।
বনপাড়া বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা নেওয়া এবং বাবুর পরিবার ও বাজারের ব্যবসায়ীদের হুমকি দেওয়ার ঘটনায় তারা কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে জামিন পাওয়াদের মধ্যে উপস্থিত ছিলেন- রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, লুৎফর রহমান, রেজাউল করিম রিকন, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আব্দুল মালেক, হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা। তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এদিকে বাবু হত্যা মামলার বাদী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূরের স্ত্রী মহুয়া নূর কচি জামিন পাওয়া ১১ আসামির এই দাবি নাকচ কওে দেন।
তিনি বলেন, আদালত চাইলে আসামিদের ফুলের মালা দিয়ে বরণ করে সংবর্ধনা দেওয়ার ছবি এবং সেখানে মূল আসামি জাকির হোসেন ও খোকন মোল্লার দেওয়া বক্তব্যের প্রমাণ যথাসময়ে উপস্থাপন করা হবে।
গত বছরের ৮ অক্টোবর বিএনপির মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বের করা মিছিলে হামলা করলে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এই মামলার ১১ আসামি গত ১০ মার্চ জামিনে মুক্ত হওয়ার পর এলাকায় সংবর্ধনা নেওয়ার অভিযোগ ওঠে। বনপাড়া বাজারে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে তারা মামলার বাদী ও বাজারের ব্যবসায়ীদের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়।
এই মামলার আসামিরা হলেন- রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, লুৎফর রহমান, রেজাউল করিম রিকন, আশরাফুল ইসলাম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আব্দুল মালেক, হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৬ ঘ.
bdnews24