২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিবেশনে ফিরেছে বিএনপি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীন দলের সাংসদের বক্তব্যের প্রতিবাদে ওয়াক আউটের পর আবার সংসদ অধিবেশনে ফিরেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ক্ষমতাসীন দলের সাংসদের বক্তব্যের প্রতিবাদে ওয়াক আউটের পর আবার সংসদ অধিবেশনে ফিরেছে বিএনপি। মঙ্গলবার ক্ষমতাসীন মহাজোটের সাংসদ হাসানুল হক ইনু রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আদালতের রায়ে জিয়াকে ঠাণ্ডা মাথার খুনি বলা হয়েছে। এর প্রতিবাদে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে বিএনপি'র জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদের নেতৃত্বে ওয়াক আউট করে তারা। মিছিল করতে করতে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্বে করছিলেন। এ অধিবেশনে ফেরার পর টানা তৃতীয়বারের মতো ওয়াক আউট করল বিরোধী দল। ইনুর বক্তব্যের পর তারা আবার অধিবেশনে ফেরেন। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বক্তব্যের শুরুতে মঙ্গলবার কর্নেল তাহের নিয়ে আদালতের রায়ের কথা তুলে ধরেন। "আজ আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। কর্নেল তাহেরকে সাজানো বিচারের মাধ্যমে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেছে আদালত। জিয়াকে [প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান] ঠাণ্ডা মাথার খুনি বলে রায়ে উল্লেখ করেছেন [আদালত]।" ইনুর এ বক্তব্যের প্রতিবাদে ও জিয়াকে নিয়ে কটূক্তি করায় তা একপাঞ্জ করার দাবি জানিয়ে হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এক পর্যায়ে স্পিকার আবদুল হামিদ জানান, অসংসদীয় ভাষা একপাঞ্জ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি তা একপাঞ্জ করেন। কিন্তু বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে মিছিল শুরু করেন। তারা বলেন, দালালের চামড়া তুলে নেব আমরা। দালালেরা হুশিয়ার, সাবধান। ইনুর চামড়া খুলে নেব আমরা। কয়েক মিনিট এমন হইচইয়েরর পর ৭ টা ১৮ মিনিটে মওদুদ আহমেদের নেতৃত্বে তারা ওয়াক আউট করেন। এ সময় সরকারি দলের সাংসদরা টেবিল চাপড়ান। ইনুর বক্তব্যের পর তারা আবার সংসদে ফেরেন। ৭টা ৪২ মিনিটে জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন। সোমবারও জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সরকারদলীয় সাংসদের আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে সংসদ থেকে ওয়াক আউট করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২১১১ ঘ.