ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পরমাণু শক্তি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সাফল্য সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রের মিলনায়তনে 'রিসেন্ট ডেভেলপমেন্ট অফ রিসার্চ এন্ড সার্ভিস অফ এটমিক এনার্জি' শীর্ষক দুইদিন ব্যাপী সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাপানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
জাপানের ঘটনা পর্যবেক্ষণ করে সম্ভাব্য বিপদ কিভাবে মোকাবেলা করা যায় সে ব্যাপারে বিশেষ নজর দেওয়ার জন্য বিজ্ঞানীদের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "জাপানের ঘটনার ব্যাপারে বিজ্ঞানীদের সতর্কতা অবলম্বন করা উচিৎ। এমন কোন বক্তব্য বিজ্ঞানীরা দেবেন না যাতে এ পরিস্থিতিতে জাপানকে আরো অসুবিধার সম্মুখীন হতে হয়।"
পরমাণু শক্তি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সাফল্য মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সময়ের সাথে সাথে কর্মকাণ্ডের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে চলতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।"
অনুষ্ঠানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহম্মেদ ও পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ আলী, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. আব্দুর রব প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৪৬ ঘ.
bdnews24