২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অশোভন উক্তি করে সংসদকে অকার্যকর করা হচ্ছে'

'অশোভন' উক্তি করে সরকারি দল সংসদকে 'অকার্যকর' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অশোভন' উক্তি করে সরকারি দল সংসদকে 'অকার্যকর' করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় সংসদ থেকে ওয়াক আউটের পর রাতে এক সংবাদ ব্রিফিঙে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। তিনি বলেন, "নেতা-নেত্রীদের বিরুদ্ধে অশোভন উক্তি করলে তা বাদ দেওয়ার রুলিং থাকলেও তা আজ ডেপুটি স্পিকার মানেননি। আমাদের নেত্রীসহ (খালেদা জিয়া) তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে সরকারি দলের মহিলা সদস্য নাজমা আখতার অশোভন উক্তি করেছেন। আমরা এর নিন্দা জানাই।'' তারা আজ (সোমবার) আর সংসদে যাচ্ছে না বলেও জানালেন বিরোধী দলীয় প্রধান হুইপ। সরকারি দলের কথিত অশোভন উক্তির প্রতিবাদ জানাতে চাইলে ডেপুটি স্পিকার শওকত আলী কথা বলতে দেননি বলে তারা (বিরোধী দল) ওয়াক আউট করেছেন বলে জানান ফারুক। জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সরকারদলীয় সাংসদ নাজমা আক্তারের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে মাগরিবের নামাজের বিরতির পর বিএনপির নেতৃত্বে বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। গত ১৫ মার্চ সংসদে যোগদানের পর প্রধান বিরোধী দল বিএনপির এটি দ্বিতীয় ওয়াক আউট। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিরোধী দলীয় প্রধান হুইপ আরো অভিযোগ করেন, "সংসদ নেতার উপস্থিতিতে এ ধরনের অশোভন উক্তি করার পরও তিনি কোনো ভূমিকা রাখেননি। সংসদ নেতা চান না বিরোধী দল সংসদ থাকুক।'' সরকারি দলের মহিলা সাংসদ নাজমা আখতার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক ও কোকোর বিরুদ্ধে কটুক্তি করেন। এ সম্পর্কে ফারুক বলেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে 'মিথ্যা' মামলা এখন বিচারাধীন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। অথচ সরকারি দলের সদস্য তাদের বিরুদ্ধে কটুক্তি ও কুৎসা রটাচ্ছেন। বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এ্যানি বলেন, আজকে তিনি (ডেপুটি স্পিকার) সরকারি দলের মহিলা সদস্যের জন্য ঘোষিত ১০ মিনিট সময় অতিক্রমের পরও ওই সাংসদকে বলেছেন- আপনার কি আরও বলার আছে। পরে আরও তিন মিনিট সময় বাড়িয়ে দেন তিনি। এটা সঠিক হয়নি। সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, নজরুল ইসলাম মঞ্জু, শাম্মী আখতার, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, সৈয়দা আশরাফী পাপিয়া, হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৪ ঘ.