২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অপু খুনের মামলায় ১৮ জন আসামি

নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম অপু খুনের ঘটনায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

নড়াইল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম অপু খুনের ঘটনায় ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী খাদিজা খানম (কুমি) বাদি হয়ে নড়াইল সদর থানায় এ মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে। আসামির তালিকায় নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন আলমের (৩৮) নামও রয়েছে। সরকার সমর্থক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রোববার দুপুরে অপুকে শহরের মুচিরপোল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নড়াইল সদর থানার ওসি গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, স্ত্রী বাদি হয়ে ১৮ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে অপু হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রলীগ তিন দিনের শোক পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালোব্যাজ ধারণ করে সংগঠনের কর্মীরা। এছাড়া মঙ্গলবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে শোক মিছিল ও আদালত চত্বরে মানববন্ধন এবং বুধবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.