ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী নীতির বিরোধিতা করে হরতাল ডাকা হলেও সুস্পষ্ট কোন বিষয়টিতে তাদের আপত্তি এর কোনো ব্যাখ্যা নেই ইসলামী ঐক্যজোটের কাছে।
দলটির পক্ষ থেকে কখনো বলা হচ্ছে- সম্পদে সমানাধিকারে তাদের আপত্তি, আবার কখনো বলছে- নীতিমালার প্রথম লাইন- 'সকল নারীর সম সুযোগ ও সম অধিকার প্রতিষ্ঠা করা' কথাটি কোরআন বিরোধী। এ কারণেই তারা এর বিরোধিতা করছে।
গত ৭ মার্চ মন্ত্রিসভায় জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অনুমোদিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে 'উত্তরাধিকার সম্পদে নারীকে পুরুষের সমান অধিকার' দেওয়া হয়েছে- এমন অভিযোগ তোলে দলটি। একদিন বাদেই প্রতিবাদে-সমাবেশ করে ৪ এপ্রিল হরতালের ডাক দেওয়া হয়।
তবে নারী নীতির কোথাও উত্তরাধিকার সম্পদে নারীকে পুুরুষের সমানাধিকার দেওয়ার কথা উল্লেখ নেই।
বরং নীতির দ্বিতীয় অংশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক ২৫ নম্বর ধারার দুই নম্বর উপধারায় উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
গত ৯ মার্চ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে মুসলিম উত্তরাধিকার আইনের সঙ্গে এ নারী নীতি সাংঘর্ষিক না হওয়ার যুক্তি তুলে ধরেন।
তিনি বলেন, "এতে সম্পত্তিতে সমানাধিকার দেওয়া নিয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি যেভাবে বণ্টন হওয়ার কথা, সেভাবেই হবে। এর সঙ্গে নারী নীতির কোন সংঘর্ষ নেই।"
প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে ১৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে ফের সংবাদ সম্মেলন করে আপত্তির বিষয়ে একটি ব্যাখ্যা দাঁড় করায় দলটি। তবে এদিনের বক্তব্যে ২৫ নম্বর ধারা নিয়ে তারা কোনো আপত্তিই তুলেনি। অথচ উত্তরাধিকার সম্পদের কথা শুধু এই একটি ধারায়ই উল্লেখ রয়েছে।
লিখিত বক্তব্যে দলটির পক্ষ থেকে বলা হয়, "মন্ত্রিসভায় অনুমোদিত নারী উন্নয়ন নীতি আমরা আগাগোড়া বারবার পড়েছি। এতে দুটি বিষয় সুস্পষ্ট ও পরিষ্কারভাবে ধরা পড়েছে। একটি হলো- এই নীতিমালার স্পিরিটই কোরআনের স্পষ্ট বিধানগুলোর বিরোধিতা করা। নীতিমালার প্রথম লাইন 'সকল নারীর সম সুযোগ ও সম অধিকার প্রতিষ্ঠা করা' কথাটি কোরআন বিরোধী।"
আপত্তির দ্বিতীয় বিষয় হিসেবে বলা হয়, "এটি নারীকে পুরুষ বানানোর তদবির ও কলা-কৌশল মাত্র।"
রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন- ভুল বুঝতে পেরে তারা নিজেদের অবস্থান থেকে সরে এসেছে।
এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা বলেন, "ঘোষিত নারী নীতিতে উত্তরাধিকার সম্পত্তিতে নারীকে সমানাধিকার দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। শুধু রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে একটি প্রতিক্রিয়াশীল মহল এটিকে কেন্দ্র করে হরতাল আহ্বান করেছে। তারা নিজেরাও হয়তো নীতিটি পড়ে দেখেনি।"
তার মতে, প্রকৃত অর্থে এ নীতিমালায় নারীর অধিকার সংরক্ষিত হয়নি।
"সংবিধানে ও সম্পত্তির ক্ষেত্রে নারীদের সমান সুযোগ ও অধিকারের কথা বলা হয়েছে। অথচ এটিতে তাও বলা হয়নি", বলেন রাশেদা।
সংবিধানের আলোকে নারী অধিকার বাস্তবায়ন করা হোক- এমন দাবিই করছেন তিনি।
ইসলামী ঐক্যজোটের প্রধান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতি ফজলুল হক আমিনীকে বুধবার ফোন করা হলে প্রশ্ন শুনেই প্রেস সচিব ওয়াসেলের কাছে ফোনটি দিয়ে দেন।
এরপর শুক্রবার আবারো ফোন করা হলে প্রেস সচিবের সঙ্গে কথা বলতে বলেন। তবে প্রেস সচিবের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এইচএ/১৯১৯ ঘ.
bdnews24