২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনেও বিভক্ত চট্টগ্রাম আ.লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও আলাদাভাবে উদযাপন করলো নগর আওয়ামী লীগের দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও আলাদাভাবে উদযাপন করলো নগর আওয়ামী লীগের দুই পক্ষ। বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। একই সময়ে মুসলিম হলে আলোচনা সভার আয়োজন করে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আফসারুল আমীন ও সহ- সভাপতি নুরুল ইসলাম বিএসসির অনুসারী নেতাকর্মীরা। গত ২৬ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে নগর কমিটির দুইপক্ষের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই পক্ষের দূরত্ব কমিয়ে আনতে তিন জ্যেষ্ঠ নেতাকে ওইদিন দায়িত্বও দেওয়া হয়। কিন্তু দুইপক্ষই ৭ মার্চ আলাদাভাবে কর্মসূচি পালন করে। এরপর বৃহস্পতিবার আবারো পৃথক আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো তারা। নগরীর লালদীঘির মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা কমিটির সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, বেলায়েত হোসেন ও সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন প্রমুখ। পৃথক অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নগর আওয়ামী লীগ লালদীঘির মাঠে আলোচনা সভা করেছে। পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দলের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকে এসেছেন। দলীয় সভানেত্রীর নির্দেশের পর অন্তত বঙ্গবন্ধুর জন্মদিনে একসঙ্গে অনুষ্ঠান করা যেত কি না জানতে চাইলে দানু বলেন, "নেত্রী তিন বর্ষীয়ান নেতাকে দূরত্ব কমানোর দায়িত্ব দিয়েছেন। সে বিষয়ে তারা কাজ করবেন। অনুষ্ঠানে দু'চারজন না আসলে নগর আওয়ামী লীগ তিন চার ভাগ হয়ে যাবে এ ধারণা ঠিক নয়।" অন্যদিকে মুসলিম হলে মহিউদ্দিন বিরোধী অংশের আয়োজনে আলোচনা অনুষ্ঠানেও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নগর কমিটির দ্বন্দ্ব নিরসনের দায়িত্বপ্রাপ্ত তিন জ্যেষ্ঠ নেতার মধ্যে মোশাররফ একজন। অন্য দুজন হলেন দক্ষিণ জেলার সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাবেক গণ পরিষদ সদস্য ইসহাক মিয়া। মুসলিম হলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন। সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। আলাদা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসলে সাংগঠনিকভাবে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা সেটা ঠিক করতে চাই।" রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে নগর আওয়ামী লীগ 'ঐক্যবদ্ধ' দাবি করে বাবুল বলেন, "আশা করি, কিছুদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে।" এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। পাশাপাশি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২০৮ ঘ.