২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউপি নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় কঠোর ব্যবস্থা'

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

নোয়াখালী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে নোয়াখালীর হাতিয়ায় ইউপি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাখাওয়াত এসব কথা বলেন। ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় জেলাসমূহে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাখাওয়াত বলেন, "কোনো অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ থানায় মামলা করতে গেলে ওসি যদি মামলা নিতে অস্বীকৃতি জানান, তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" নির্বাচন কমিশনার ইউপি নির্বাচনের বিধিমালার বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে বলেন, সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহায়তা করার জন্য ভোটারদের প্রতিও আহ্বান জানান। এসময় সাখাওয়াত হাতিয়া উপজেলায় সার্ভার ষ্টেশন স্থাপনে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রশীদ, উপজেলা চেয়ারম্যান ওয়ালী উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৫ ঘ.