রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই ও বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যে ছিনতাইয়ের অভিযোগে চার ছাত্রলীগ কর্মীকে এবং তিন শিবির কর্মীকে আটক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িত থাকার ঘটনায়।
মতিহার থানার ওসি আবুল খায়ের সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসানের কাছ থেকে মঙ্গলবার সন্ধ্যায় চার ছাত্র একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা ছিনতাই করে।
মেহেদীর অভিযোগের পর পুলিশ রাত সাড়ে ৯টার দিকে কাজলা এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
এরা হলেন- রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মনজুর আলম, চতুর্থ বর্ষের সাহাবুদ্দিন আল ফারুক ও হানিফ এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের নাহারুল কাওসার।
এরা সবাই ছাত্রলীগকর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এছাড়া ২০১০ সালের ৮ ফেব্র"য়ারি রাবি'র সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবির নিয়ন্ত্রিত 'ওয়েলফেয়ার ছাত্রাবাস' থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে মতিহার থানার ওসি জানিয়েছেন।
এরা হলেন- রাবি'র আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রেজাউল করীম রাজু, বিনোদপুর এলাকার এনামুল হক ও শফিকুল ইসলাম।
রাবিতে ২০১০ সালের ৮ ফেব্র"য়ারি ছাত্রশিবিরের হামলায় গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র ফারুক হোসেন নিহত হয় বলে অভিযোগ রয়েছে। ছাত্রলীগকর্মী ফারুক নিহত হওয়া ছাড়াও ওই হামলায় পঙ্গু হন সংগঠনের আরো চার জন কর্মী।
এ ঘটনায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বাদি হয়ে মতিহার থানায় ২৫টি মামলা দায়ের করে। এ পর্যন্ত পুলিশ এসব মামলাতে প্রায় দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ওই সহিংসতার পর থেকে বিনোদপুরের ওই ছাত্রাবাসটি তালাবদ্ধ ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রবাসের তালা খোলার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
তিনি বলেন, শিবিরকর্মীদের বিরুদ্ধে সহিংসতার সময় ছাত্রলীগকর্মীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৩০ ঘ.
bdnews24