ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য দাখিলের ব্যর্থতার মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিচারক মো. মনির হোসেন পাটোয়ারি এ নির্দেশ দেন।
২০০৮ সালের ১০ এপ্রিল এ মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
২০০৭ সালের ২২ নভেম্বর রাজধানীর সূত্রাপুর থানায় দুনীর্তি দমন কমিশন (দুদক) দীপুর বিরুদ্ধে এ মামলাটি করে।
মামলায় অভিযোগ, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর দীপুকে সাত দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয় দুদক। কিন্তু দীপু ওই হিসাব দাখিলে ব্যর্থ হন।
পরের বছর ১৮ মার্চ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০০৮ সালের ১০ এপ্রিল সংসদ ভবন এলাকায় স্থাপিত একটি বিশেষ জজ আদালত দীপুকে তিন বছর সশ্রম কারাদন্ড দেয়। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওই সময় দীপু চৌধুরী পলাতক ছিলেন।
এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর একেএম আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীপু চৌধুরীর পক্ষে জামিন চাওয়া হলে আদালত তা নাকচ করে তাকে কারগারে পাঠানোর আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এমইউএস/পিডি/১৯১৬ ঘ.
bdnews24