২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফিরেছে বিএনপি

টানা ৭৪ কার্যদিবস বর্জনের পর জোটসঙ্গীদের নিয়ে সংসদে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৭৪ কার্যদিবস বর্জনের পর জোটসঙ্গীদের নিয়ে সংসদে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল ৫টায় বিএনপি, জামায়াতে ইসলামী ও বিজেপির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে ঢোকেন। ৃ বিরোধী দল অধিবেশন কক্ষে প্রবেশের সময়ে সরকারি দলের সদস্য নিশ্চুপ ছিলেন। স্পিকার আবদুল হামিদ স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন অনুপস্থিতির পর বিরোধী দল ফিরে এসেছে। আশা করি তারা সংসদে থাকবেন। সংসদে ফেরার কথা প্রধান বিরোধী দল বিএনপি সোমবারই জানিয়েছিলো। সর্বশেষ গত বছরের ২ জুন সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলো বিরোধী সদস্যরা। গড় হিসেবে টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিতির পর বিরোধী দলের সদস্যরা সংসদে ফিরে আসলেন। গত বছরের ২ জুন সর্বশেষ সংসদ যোগ দেয় বিএনপি। আইন অনুযায়ী, টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। তাই নবম সংসদের বর্তমান অধিবেশনে বিরোধী সদস্যরা যোগ না দিলে তাদের সদস্যপদ হারানোর শঙ্কা ছিলো। সংসদ সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খালেদা জিয়া ও সালাহউদ্দিন কাদের চৌধুরী ৭৫ কার্যদিবস, মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ও এম কে আনোয়ার ৭৩ কার্যদিবস, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মজিবর রহমান সরোয়ার ৭৮ কার্যদিবস এবং বরকতউল্লাহ বুলু ৮২ কার্যদিবস অনুপস্থিত ছিলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলছে। সংসদ নেতা শেখ হাসিনা সংসদে নেই। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অধিবেশন কক্ষে রয়েছেন। নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও বিএনপি দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন টানা বর্জন করে আসছে। পঞ্চম অধিবেশনে তারা মাত্র একদিন গেছে। বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০৪ ঘ.