ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুশীল সমাজ হিসাবে পরিচিত একটি গোষ্ঠীর তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ওয়ান ইলেভেনের সেই সুশীলরা আবার নড়াচড়া শুরু করেছে।
জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
আর যেনো কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে সে জন্য দখলকারীদের মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানান তিনি।
শেখ সেলিম বলেন, "রাজনীতিবিদদের বাদ দিয়ে তথাকথিত সুশীলদের নিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়েছিলো। রাজনীতিবিদদের হেয় প্রতিপন্ন করা হয়েছিলো। এধরণের অবস্থা ভবিষ্যতে যেনো আর না হয়।"
তিনি বলেন, "ওয়ান ইলেভেনের সেই সুশীলরা কচ্ছপের মতো মাথা বের করছে। বিভিন্ন টক শো'তে কথা বলছে, পত্রিকায় লিখছে।"
তিনি বলেন, এই সুশীলদের প্রথম কাজ রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করা। এরা গরীবদের দেখিয়ে বিদেশ থেকে টাকা আনে। আর তা দিয়ে নিজেরা বিলাসবহুল জীবন যাপন করে।"
শেখ সেলিম এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে বলেন, "মাননীয় অর্থমন্ত্রী, এরা ঠিক মতো কর দেয় কিনা তা একটু দেখেন।"
তিনি বলেন, "মুক্তিযুদ্ধ চলাকালে এই সুশীল সমাজের ভূমিকা ছিলো প্রশ্নবিদ্ধ।"
বিরোধীদল মধ্যবর্তী নির্বাচনের যে দাবি জানিয়েছে তার জবাবে আওয়ামী লীগের এই সাংসদ বলেন, "পাঁচ বছর পূর্ণ হওয়ার একদিন আগেও কোনো নির্বাচন হবে না।"
বিরোধীদলকে তিনি সংসদে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য রাখেন বীরেণ শিকদার, হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১১৪ ঘ.
bdnews24