২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে এই সভা বসে। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই সভায়ই সংসদে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে।" সভায় মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, রবকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুকসহ দলের ৩৩ জন সদস্য উপস্থিত রয়েছেন। বৈঠকে অনুপস্থিত আছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, রুমানা মাহমুদ ও মোস্তফা কামাল পাশা। এছাড়া বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামী হামিদুর রহমান আজাদ, শামসুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ উপস্থিত আছেন। প্রধান বিরোধী দলের একাধিক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদীয় দলের বৈঠক শেষ করেই খালেদা জিয়া বিরোধীদলীয় সদস্যদের নিয়ে সংসদে যোগ দেবেন। সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দেয়। এরপর টানা সংসদ বর্জন করে আসছে দলটি। সংসদ সচিবালয়ের হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত সংসদে বিরোধী দলের সদস্যদের গড় অনুপস্থিতি ৭৩ কার্যদিবস। নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও বিএনপি দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন টানা বর্জন করে আসছে। পঞ্চম অধিবেশনে তারা গেছে মাত্র একদিন। সংবিধান অনুযায়ী কোনো সাংসদ জাতীয় সংসদে একটানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্যপদ খারিজ হয়ে যাবে। রিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক সাংবাদিকদের জানান, তারা সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, দেশ ও জাতির সমস্যা তুলে ধরতে সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৩ঘ.