ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালতে কর্নেল তাহেরের গোপন বিচার এবং এরপর তাকে ফাঁসিতে ঝোলানো- সব জিয়াউর রহমানের ইচ্ছাতেই হয়েছিলো বলে হাইকোর্টে বলেছেন সাংবাদিক লরেন্স লিফসুজ।
সামরিক আদালতে কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে সোমবার আদালতে হাজির হয়ে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র এ সাংবাদিক।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।
১৯৭৬ সালের ১৭ জুলাই বিচারের রায় হয়। ২১ জুলাই ভোর রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে একটি রিট আবেদনে হাইকোর্ট তার বক্তব্য শুনতে চেয়েছিলো। গত শতকের '৭০ এর দশকে তাহেরের গোপন বিচার ও ফাঁসির সময় এ সাংবাদিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।
সোমবার দুপুরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে বক্তব্য উপস্থাপন করেন লিফসুজ। তিনি রোববারই ঢাকা পৌঁছান।
আদালতে লিফসুজ বলেন, আমি আপনার এই কোর্টের রায় সম্পর্কে পূর্ব বিচার করছি না। কয়েক দশক ধরে আজকের এই দিনের মতো একটি সময়ের প্রতিক্ষা করেছিলাম।
"আরো অনেকে এদিনটির জন্য অপেক্ষায় ছিলো। গত সপ্তাহে তাহেরের কন্যা জয়া আমাকে বলেছিলো সারা জীবন ধরে সে এই বিশেষ সময়টির জন্য প্রতীক্ষায় ছিলো।"
বাবার মৃত্যুর জয়ার বয়স ছিলো পাঁচ বছর।
মার্কিন এই সাংবাদিক বলেন, সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন, জীবনব্যাপী অপেক্ষার পর কর্নেল আবু তাহেরের জন্য ন্যায়বিচার পেতে অনেকে আপনার দরবারে এসেছে।
তিনি বলেন, তাহেরকে নিয়ে যা ঘটেছিলো তাকে বিচার বলা যেতে পারে বলে আমি বিশ্বাস করি না। এমনকি এটা একটা লোক দেখানো বিচারও ছিলো না। কারণ তৎকালীন সামরিক সরকার মানুষকে এ বিচার দেখাতেও প্রস্তুত ছিলো না।
আইনের মাধ্যমে ওই বিচার প্রকাশ্য আদালতে করার পরবর্তী ফল জিয়ার সরকার ভয় পেত- উল্লেখ করেন লিফসুজ।
"গণমাধ্যমের অবাধ প্রবেশাধিকার আর আইনগতভাবে গঠিত কোর্টে এ বিচার হলে জনগণের মধ্যে প্রতিক্রিয়া হতো। জেনারেল জিয়া ব্যক্তিগতভাবে ওই বিচারের দণ্ড ঠিক করেছিলেন। এক জিয়াই অন্য একটি জীবন নেওয়ার সিদ্ধান্ত নেন।"
কেন বিচারটি কারাগারে হয়েছিলো- প্রশ্ন করে তিনি বলেন, এর উত্তর হচ্ছে আসলে সেটি কোন বিচার ছিলো না।
গত ২০ জানুয়ারি লিফসুজকে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করে হাইকোর্ট। ছেলের অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে না পারলেও তিনি তখন একটি লিখিত বক্তব্য পাঠান, যা গত ৩ ফেব্র"য়ারি আদালতে উপস্থাপন করা হয়।
ওই সময় বাংলাদেশ থেকে বহিষ্কার হওয়া লিফসুজ লিখিত বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের পরিকল্পনায়ই সামরিক আদালতে বিচারের মাধ্যমে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিলো।
তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে প্রথম রিট আবেদনটি করেন।
পরে এই ঘটনায় সহ-দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/পিডি/২১৫৪ ঘ.
bdnews24