২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ইউনূসকে সম্মান করে: ধীরেন্দ্র চন্দ্র

সরকারদলীয় এক সাংসদ বলেছেন, আওয়ামী লীগ ইউনূসকে সম্মান করে এবং দলটি এই নোবেল বিজয়ীকে একটি কটূ কথাও বলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:40 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় এক সাংসদ বলেছেন, আওয়ামী লীগ ইউনূসকে সম্মান করে এবং দলটি এই নোবেল বিজয়ীকে একটি কটূ কথাও বলেনি। জাতীয় সংসদে রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে বরগুনা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, আমরা ইউনুসকে সম্মান করি। আওয়ামী লীগ এই নোবেল বিজয়ীকে একটি কটূ কথাও বলেনি। "বিরোধী দল এখন যে আচরণ করছে তাতে মনে হচ্ছে তারা ইউনূসকে ভালোবাসে আর আমরা ইউনূসকে অপমান করি।" ড. মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্প বাংলার মানুষকে দ্রারিদ্র্য থেকে মুক্তি দিতে পারেনি- দাবি করে এ সাংসদ বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং শেখ হাসিনার একটি বাড়ি-একটি খামার বাংলার মানুষকে দ্রারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে। ধীরেন্দ চন্দ্র্র অভিযোগ করেন, বিরোধী দল পরিকল্পিতভাবে সংসদে আসছে না। তারা মহাজোটকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। "দেশের জনগণ খালেদা জিয়া, তারেক রহমান এবং ইয়াজউদ্দিনের বিচার চায়।" সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের সাংসদ মহিবুর রহমান মানিক করো নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেন, যারা দারিদ্র্য নিয়ে ব্যবসা করেন, যারা মেডেল পেতে চক্রান্ত করে [তারা] এখন বিপদ থেকে উদ্ধার পেতে হাজার হাজার কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন। এখন তারা সাম্রাজ্যবাদী এজেন্টদের নামে কথা বলেন। এই কথা শুনে লজ্জা হয়। "দেশের এতো বড় ক্ষতি যারা করেছে, এই বিনাশের আয়োজন যারা করেছে- তাদের খুঁজে বের করতে হবে।" রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, আখতারুজ্জামান চৌধুরী, শেখ আব্দুল ওয়াহাব, হাবিবুন নাহার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৩৭ ঘ.