২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে বৈঠক ডেকেছে বিএনপি

সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে সোমবার দলের সংসদীয় কমিটির সভা ডেকেছে বিএনপি। ওই সভায়ই এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার দিনক্ষণ ঠিক করতে সোমবার দলের সংসদীয় কমিটির সভা ডেকেছে বিএনপি। ওই সভায়ই এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে বলে জানানো হয়েছে। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক রোববার এক সংবাদ সম্মেলনে জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলের সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার বিকাল ৪টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে ওই বৈঠক হবে। "সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। সেখানেই সংসদে যাওয়ার সিদ্ধান্ত হবে", বলেন ফারুক। তবে দীর্ঘদিন সংসদ বর্জন করে আসা বিএনপি কবে সংসদে যোগ দেবে তা জানাননি তিনি। বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, দেশ ও জাতির সমস্যা তুলে ধরতে আমরা সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।" বিভিন্ন বিষয় নিয়ে সংসদে বিএনপি সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ চাইবে বিরোধী দল। ফারুক বলেন, "সরকারি দল এসব বিষয়ে আলোচনার সুযোগ দেয় কি না, তা আমরা দেখতে চাই। সংসদের পরিবেশ ঠিক হয়েঝে কি না, তা এতেই প্রমাণ হবে।" গত ২৫ জানুয়ারি বর্তমান সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দিয়েছিলো। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ফারুক সাবেক বিমানমন্ত্রী মীর নাছিরউদ্দিন ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের 'দুর্নীতি' প্রতিবেদন সংসদীয় কমিটিতে উত্থাপনের নিন্দা জানান। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বিমান মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে তা তদন্তের দাবি জানান ফারুক। সংবাদ সম্মেলনে জাফরুল ইসলাম চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জয়নাল আবেদিনসহ বিএনপির সংসদ সদস্যরা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তার অন্যতম শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বাংলাদেশ জাতীয় পার্টির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.