২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া শহরে ভোটের আমেজ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন রোববার। শহরে সর্বত্র বিরাজ করছে ভোটের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন রোববার। শহরে সর্বত্র বিরাজ করছে ভোটের আমেজ। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন হওয়ার কথা থকালেও আইনি জটিলতায় তা অনুষ্ঠিত হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা শশাঙ্ক শেখর ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিজিবি এবং র‌্যাব সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভার নির্বাচনে ভোটার প্রায় ৯২ হাজার। পৌর এলাকায় ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান মোল্লা সাংবাদিকদের কাছে কারচুপির আশঙ্কা ব্যক্ত করেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, "এখানে কারচুপির কোনো সুযোগ নেই।" নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান হেলাল উদ্দিনকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হক সেরীন এবং স্বতন্ত্র প্রার্থী নায়ার কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫০ ঘ.