২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে ক্ষমতাসীনরা প্রভাব খাটাচ্ছে: বিএনপি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রভাবিত করতে ক্ষমতাসীনরা ভোটারদের 'ভয়ভীতি' দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রভাবিত করতে ক্ষমতাসীনরা ভোটারদের 'ভয়ভীতি' দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ তুলে এর তা প্রতিরোধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনে ভোটগ্রহণ হবে। নজরুল বলেন, "ক্ষমতাসীনরা ইউপি নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিশ্চুপ ভূমিকা দেখে আমরা উদ্বেগ প্রকাশ করছি।" ইউপি নির্বাচন সহিংসতার বিষয়ে তিনি বলেন, "পটুয়াখালীর মির্জাগঞ্জে সরকারি দলের ক্যাডারদের হামলায় বিএনপির স্থানীয় নেতা মজিবর রহমান মৃধাকে খুন হয়েছে। এরকম ঘটনা বিভিন্ন স্থানে হচ্ছে। মানুষ খুন-জখম হচ্ছে। অথচ নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ দেখছি না।" ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে পৌরনির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীকে জেতানোর 'ষড়যন্ত্র' হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল। রোববার এ দুটি পৌরসভায় ভোট হবে। এ দুটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে সরকারি দলের নেতা-কর্মীরা 'যথেচ্ছ' বিধি লঙঘন করছে বলেও অভিযোগ করে বিএনপি। নজরুল বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের ফল জোর করে পাল্টানোর সরকারের চিন্তা গণতন্ত্রের জন্য হুমকি।" নয়া পল্টনে সংবাদ সম্মেলনে নজরুলের সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন মো. জসিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫২০ ঘ.