ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খননের মাধ্যমে দেশের প্রধান ও গুরুত্বপূর্ণ নদ-নদীগুলোর নাব্য বাড়াতে ক্যাপিটাল ড্রেজিং নামে বড় আকারে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
মন্ত্রী জানান, ক্যাপিটাল ড্রেজিং পরিকল্পনার আওতায় ৪২৮৩ দশমিক ৭৭ কোটি টাকার ব্যয় সম্বলিত পাঁচটি প্রকল্প চলমান।
যেসব প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে সেগুলো হলো- ৯৪২ দশমিক ১৫ কোটি টাকা ব্যয়ে 'গড়াই নদী পনরুদ্ধার প্রকল্প-২য় পর্যায়', ১০২৮ দশমিক ১২ কোটি টাকা ব্যয়ে 'ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প', ৯৪৪ দশমিক নয় কোটি টাকা ব্যয়ে 'বাংলাদেশের নদী ড্রেজিংকল্পে ড্রেজার ও এনসিলারি ইক্যুপমেন্ট ক্রয় প্রকল্প' ও ৫৯ দশমিক ৫৩ কোটি টাকা ব্যয়ে 'চন্দনা বারাসিয়া নদী পুনঃখনন প্রকল্প'।
এ ছাড়া 'ক্যাপিটাল ড্রেজিং এ্যান্ড রিভার ম্যানেজমেন্ট স্ট্রাটেজি অব বাংলাদেশ' নামে একটি ধারণাপত্র প্রণয়ন করা হয়েছে বলে জানান রমেশ চন্দ্র সেন।
এ ধারণাপত্রে দেশের গুরুত্বপূর্ণ ও বড় বড় নদীগুলো খননকল্পে স্বল্প মেয়াদী, মধ্য মেয়দী ও দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়নের কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।
ধারণাপত্র অনুমোদিত হলে পাঁচ বছর মেয়াদী সাতটি প্রকল্প, ১০ বছর মেয়াদী ১৩টি প্রকল্প এবং ১৫ বছর মেয়াদী একটি বড় প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি জানান, ১৫ বছর মেয়াদে দেশের বৃহত্তম নদ-নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনাসহ বড় নদীগুলোর ড্রেজিংয়ের জন্য 'ক্যাপিটাল ড্রেজিং অব মেজর রিভার ইন বাংলাদেশ' শীর্ষক প্রকল্প নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২১ ঘ.
bdnews24