ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 'কারাবন্দি দিবস' পালনে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
'সেনা সমর্থিত' তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর পর থেকেই ৭ মার্চ তারেক রহমানের কারাবন্দি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।
এবারের কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ মার্চ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিকাল ৩টায় বিএনপি, ৭ মার্চ বিকাল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদল এবং ৯ মার্চ স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, "তারেক রহমান দল ও দেশের জন্য এক অনন্য নেতৃত্ব সৃষ্টি করছিলেন বলেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিলো।"
২০০৯ সালে তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন।
অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুবদল সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭১০ ঘ.
bdnews24