২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি-সন্ত্রাসীদের হাত থেকে দেশ এখন নিরাপদ: টুকু

জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে টুকু বলেন, "এ ধরনের সব প্রতিষ্ঠানের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। জীবন দিয়ে হলেও জঙ্গিবাদী তৎপরতা প্রতিহত করা হবে।" জঙ্গি ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "খাগড়াছড়ি ও নওগাঁতে জেএমবি'র যে ক্যাম্প ছিলো, তার পৃষ্ঠপোষক কারা ছিলো ? তারা তো বাংলাদেশে আছে। তারাই এখন জনগণ, গণতন্ত্র, বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্য নিয়ে কথা বলে।" "এমন কোনো কথা বলবেন না যাতে বাংলা ভাইয়ের অনুসারী, জঙ্গিবাদী ও আত্মঘাতী বোমা হামলাকারী দলের সদস্য, কর্মী ও তাদের সন্তানরা উৎসাহিত হয়", বলেন প্রতিমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, অবকাঠামো, আবাসন ও যানবাহনের স্বল্পতার বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এসব ক্ষেত্রে প্রত্যাশা পূরণ না হলেও কাজ যাতে চলে সে ব্যবস্থা করা হচ্ছে।" সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহমেদ, পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি নওশের আলী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোর্শেদসহ র‌্যাব-৭, বিজিবি, আনসার-ভিডিপি, দমকল বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/এমআই/১৫৫৬ ঘ.