২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জন মন্ত্রীর পদত্যাগ করা উচিত: মওদুদ

অর্থ, স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ, স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকার দুই বছরে জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য কমেনি। বরং বাণিজ্যমন্ত্রী সময়-সময় কথা বলে মূল্যবৃদ্ধি করছেন। "আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জনগণের নিরাপত্তাই নেই। পুঁজিবাজার থেকে সরকারের মদদপুষ্টরা ৮৫ হাজার কোটি টাকার সরিয়ে নিয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন- তার ভুল সিদ্ধান্ত ছিলো।" "নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগ করা উচিত," বলেন মওদুদ। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। সোমবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। 'দমন-নির্যাতন বন্ধ করুন 'দমন-নির্যাতন' বন্ধ করে সরকারকে সমঝোতার পথে আসারও আহ্বান জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ। তিনি বলেন, "সব হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন। বিরোধী দলকে তার ভূমিকা পালন করতে দিন। এতে দেশে স্থিতিশীলতা আসবে।" "তারা [সরকার] বিরোধী রাজনৈতিক দলের ওপর নির্যাতনের অতীত সব রেকর্ড ভঙ্গ করেছে" দাবি করে মওদুদ বলেন, "একদিকে নতুন নতুন মামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে- অন্যদিকে তারা [আওয়ামী লীগ] নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। এসব কিছুর উদ্দেশ্য বিএনপিকে দুর্বল করা।" সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০১ ঘ.