ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ইউনিয়ন হওয়ায় সীমানা নিয়ে ভোটার তালিকা জটিলতার আশঙ্কায় ভোলা সদর ও বরগুনা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পল্লী) আব্দুল বাতেন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা সদর উপজেলার তিন ইউনিয়ন ও বরগুনা জেলার আমতলী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হবে না। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর তফসিল স্থগিত করা হয়েছে।
ইউপিগুলো হলো- ভোলা সদরের রাজাপুর, কাচিয়া ও ইলিশা, বরগুনা আমতলীর পচা কুড়ালিয়া, ছোট বগী, কড়ইবাড়ীয়া, শারিকখালী, বড় বগী, নিশানবাড়ীয়া ও সোনাকাটা।
"নদী ভাঙন ও সীমানা জটিলতার কারণে উপকূলীয় অঞ্চলের ওই ইউনিয়নগুলোর নির্বাচন স্থগিত করা হয়েছে। বাদপড়া ইউপিগুলোতে নির্বাচন হবে সুবিধাজনক সময়ে," বলেন ওই কর্মকর্তা।
গত ২৪ ফেব্র"য়ারি উপকূলীয় ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬ ইউপি'র তফসিল ঘোষণা করে কমিশন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ থেকে ৩ এপিলের মধ্যে ঘোষিত ইউপিগুলাতে নির্বাচন হওয়ার কথা ছিল।
কমিশন সচিবালয়ের চার উপ-সচিবের মধ্যে নির্বাচনযোগ্য ইউপির নির্বাচন আয়োজনের সামগ্রিক দায়িত্ব ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে নির্বাচন কমিশন সচিবালয়। জারি হওয়া অফিস আদেশে উপ-সচিব মো. আবুল কাসেমকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ইউপিগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ দায়িত্ব পেয়েছেন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ইউপিগুলোর নির্বাচন সম্পন্ন করার। উপ-সচিব সৈয়দ মো. খুরশিদ আনোয়ার দায়িত্ব পালন করবেন নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ইউপি। উপ-সচিব (আইন) মো. হেলাল চৌধুরীর আইন ও বিধি সংক্রান্ত কার্যাবলী, ট্রাইবুনাল ও আপিল ট্রাইবুনাল গঠন, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও মামলা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১৭ ঘ.
bdnews24