২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিয়োগে পরীক্ষা চান সাংসদ চুন্নু

উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার দাবি করেছেন জাতীয় পার্টির এক সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার দাবি করেছেন জাতীয় পার্টির এক সাংসদ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদ মুজিবুল হক চুন্নু এ দাবি জানান। তিনি বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায়ে আদালত কৌশলে ৯৬ অনুচ্ছেদ এড়িয়ে গেছে। কারণ, ওই অনুচ্ছেদটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট।" বিচারপতি নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে চুন্নু বলেন, "আমি প্রথম বিভাগ পেয়ে ম্যাজিস্ট্রেট ছিলাম। আমার সঙ্গে যারা ব্যাক বেঞ্চার ছিলো এবং পরীক্ষায় তৃতীয় শ্রেণী পেয়েছিলো তাদের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।" রাষ্ট্রপতির ভাষণের ওপর অন্যদের মধ্যে অংশ নেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ওমর ফারুক চৌধুরী, নুরুল ইসলাম সুজন, ফরিদা আখতার ও চেমন আরা বেগম। অন্যদিকে, আওয়ামী লীগ সাংসদ সুবিদ আলী ভূঁইয়া শেয়ারবাজারে দর পতনের জন্য বিরোধী দলকে দায়ী করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা উচিত। সংসদে আসার জন্য যেসব শর্ত দিয়েছে তা দলীয়, জনগণের দাবির নয় বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/কেএমএস/২১৪৯ ঘ.