২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার দায় প্রার্থী-সাংসদের: সাখাওয়াত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হলে এর দায় সংশ্লিষ্ট প্রার্থী ও সংসদ সদস্যকে নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হলে এর দায় সংশ্লিষ্ট প্রার্থী ও সংসদ সদস্যকে নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর পর অনেক সংসদ সদস্য নিজ এলাকায় বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ করেন এই কমিশনার। গত ২৪ ফেব্রুয়ারি বিকালে ইসি দেশের উপকূলীয় এলাকার প্রায় ৬শ' ইউনিয়নের তফসিল ঘোষণা করে। ওই দিনই দলীয় মনোনয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। আহত হয় কমপক্ষে ১৫ জন। এ সময় সেখানে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি উপস্থিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলীয় প্রভাব খাটানোর প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে এম সাখাওয়াত বলেন, "নির্দলীয় এ নির্বাচনে কোনো ধরনের প্রভাব সহ্য করা হবে না। দলীয়ভাবে মনোনয়নের প্রচেষ্টাও যেন না করা হয়। এ নিয়ে সহিংসতা হলে প্রভাবশালী ব্যক্তি বা স্থানীয় সাংসদকেই দায়ী করা হবে।" যে প্রার্থী সহিংসতার জন্য দায়ী থাকবে তার মনোনয়নপত্র গ্রহণ করা হবে না এবং প্রয়োজনের প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান তিনি। নির্বাচনে দিন ও এর আগে সাংসদদের নিজ ইউনিয়ন ছাড়া অন্য নির্বাচনী এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়ে সাখাওয়াত জানান, এ বিষয়ে কমিশন মাঠপর্যায়ে চিঠি দেবে। পোস্টার অপসারণের নির্দেশ ইউপি নির্বাচনকে সামনে রেখে পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখনসহ প্রচারমূলক যেকোনো ধরনের উদ্যোগ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, "১ মার্চের মধ্যে যদি পোস্টার তুলে নেওয়া না হয় তাহলে চিহ্নিতদের মনোনয়ন জমা না নিতে নির্দেশনা দেওয়া হবে। যদি এরপরও কেউ নির্বাচনী বিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে তার মনোনয়নপত্র বাতিল করা হবে।" এই প্রথমবারের মতো নির্বাচনী ব্যয় নির্ধারণ ও আচরণবিধি প্রবর্তন হওয়ায় তা যথাযথ অনুসরণে প্রার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। আগামী ৫ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন। এই নির্বাচন কমিশনার জানান, ইউপি নির্বাচনে আচরণবিধি যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা তদারিকর জন্য প্রতি উপিজেলায় নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ করা হবে। এছাড়া নির্বাচনের দিন পরিস্থিতি তদারকিতে ইসির নিজস্ব কর্মকর্তাও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৬৪০ ঘ.