সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
শনিবার বেলা ৩ টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কাফি রতন, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা মইনুদ্দিন জালাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রোবহান উদ্দিন দোলন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য।
আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, "গত বছর আমরা হাওরে ফসলহারা কৃষকদের কান্না দেখেছি। এখানো সেই কান্না থামেনি। আর কৃষকের কান্না দেখতে চাই না, চাই ফসল রক্ষার নিশ্চয়তা।"
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান বলেন, "এ মাসের মধ্যে সকল হাওরে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেক হাওরে কাজই শুরু হয়নি। হাওরে ফসল অরক্ষিত অবস্থায় আছে। কৃষকেরা শঙ্কিত। বাঁধ নির্মাণের নামে চলছে লুটপাট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৯ ঘ.
bdnews24