২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে উর্দু-হিন্দি গান শহীদদের প্রতি অশ্রদ্ধা: মওদুদ

বিশ্বকাপকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিদেশি ভাষার গান পরিবেশনের মধ্য দিয়ে বাংলা ভাষাকে অশ্রদ্ধা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিদেশি ভাষার গান পরিবেশনের মধ্য দিয়ে বাংলা ভাষাকে অশ্রদ্ধা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। শনিবার বিএনপি সমর্থিত সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সমাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। গত ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে স্বাগতিক তিন দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। এরপর গত বৃহস্পতিবার বেসরকারি আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার কয়েকজন শিল্পী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "ভাষা আন্দোলনের মাসে সরকার জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিদেশি শিল্পী এনে উর্দু ও হিন্দি ভাষায় গান পরিবেশন করিয়ে বাংলা ভাষার আত্মত্যাগকারী শহীদদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। তারা (সরকার) একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ভাষার মাসে এমন কাজ করতে পেরেছে।" দেশীয় সংস্কৃতির বিকাশে জাসাসকে কাজ করার আহ্বান জানান তিনি। জাসাস সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের জ্যেষ্ঠ সহসভাপতি আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহসভাপতি বাবুল আহমেদ, আবুল সালেহ, ইমতিয়াজ হোসেন চপল, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ। গত বছরের ডিসেম্বর মাসে জাসাসের নতুন কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪০ ঘ.