ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
এই প্রথম খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেন। এর আগে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা সরকারকে পদত্যাগ করে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।
খালেদা বলেন, "দুর্বার আন্দোলনের জন্য সারাদেশেই আজ টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানুষ প্রস্তুত হয়ে আছে। একটি আন্দোলনের সূত্রপাত হওয়ার আগেই সরকারের প্রতি আমার চূড়ান্ত আহবান- অসম্মানজনক বিদায় নিতে না চাইলে, অবিলম্বে পদত্যাগ করুন। মধ্যবর্তী নির্বাচন দিন।''
সেইসঙ্গে তিনি সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে জনগণের প্রতিও আহবান জানান।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের যে অবস্থা বানিয়েছে তাতে সরকারের সময় ফুরিয়ে এসেছে। সরকারের শুভবুদ্ধির উদয় হতে এখনও সময় আছে।
এ প্রসঙ্গে তিনি সরকারকে আরব বিশ্বে চলমান গণবিক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "ট্যাংক, কামান, গুলি দিয়ে মানুষকে রাজপথ থেকে সরানো যায় না। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে, ওই স্বৈরশাসকদের ভাগ্য তাদেরকেও বরণ করে নিতে হবে।''
বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, এই সরকারের আমলে ওই হত্যাযজ্ঞের কোনো সুবিচার হবে না। বিচারের নামে হবে প্রহসন- এ ব্যাপারে দেশবাসী নিশ্চিত।
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ওই ঘটনার সঙ্গে 'সরকারের প্রভাবশালী লোকজনের' জড়িত থাকার অনেক তথ্য সংবাদ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের মানুষ ও বিশ্ব জেনে গেছে।
খালেদা মনে করেন, পিলখানার ঘটনার মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে চক্রান্তকারীরা। সেনা বাহিনীর ক্ষয়ক্ষতির পাশাপাশি বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ দেশের সীমান্ত অরক্ষিত হয়ে আছে। চোরাচালানে ভরে গেছে দেশ।
বিরোধী দলীয় নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করা হবে। পিলখানা হত্যাযজ্ঞ ও বিদ্রোহ দমনে ওই সময়কার সেনাপ্রধান মইন উ আহমেদ তার অধীনস্থ অফিসারদের জীবন বাঁচাতে কেনো ব্যর্থ হলো- এর উত্তর একদিন তাকে দিতে হবে। বিশ্বের যেখানেই ফখরুদ্দিন ও মইন থাকুক না কেন তাদের ধরে এনে বিচার করা হবে, শাস্তি পেতে হবে।
দেশ পরিচালনায় আবারো সরকারের 'ব্যর্থতার' সমালোচনা করেন খালেদা।
তিনি অভিযোগ করেন, দুই বছরে সীমাহীন দুর্নীতি ও লুন্ঠনে সরকার দেশকে একটি উপদ্রুত জনপদে পরিণত করেছে। শেয়ার বাজারের ৩৩ লাখ পরিবারের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের নিঃস্ব করে দিয়েছে। ৬৪ হাজার কোটি টাকা লুট হয়েছে পুঁজিবাজার থেকে। এর বিরাট অংশ দেশের বাইরে চলে গেছে।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতি সরকারের কথিত রোষের বিষয়ে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন যে, বরেণ্য নাগরিকদেরও নানাভাবে অপমান ও হেনস্তা করছে সরকার। মর্যাদাবান প্রতিটি ব্যক্তি ও নাগরিক সমাজ তাদের হামলা, অপমান ও নিু রুচির বক্তব্যে আক্রান্ত হচ্ছে।
দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ দাবি করেন, বিডিআর হত্যাকাণ্ডের অনেক তথ্য বিএনপির কাছে আছে। প্রয়োজন হলে সময়মত তা প্রকাশ করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে পুনঃতদন্ত করে ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে মহানগর নাট্যমঞ্চে বিএনপি এই আলোচনা সভার আয়োজন
অনুষ্ঠানের শুরুতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই বিদ্রোহের ঘটনার দুই বছর পূর্তি হলো শুক্রবার।
বিডিআর বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলস এর নাম বদলে করা হয় 'বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি'। সেই সঙ্গে বদলে ফেলা হয় এই বাহিনীর উর্দি ।
এর আগে সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ মঞ্জুর কাদেরসহ নেতারা বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনার শুরুতে ২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি দরবার হলে বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা প্রবাহের ওপর তৈরি একটি অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। পরে প্রতিবেদনটি খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেন তিনি।
দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল
bdnews24