ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবর এলাকা থেকে বুধবার ভোরে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম ইবনে মিজান সেন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদাবরের পিসি কালচার হাউজিংয়ের ১২ নম্বর সড়কের ১৫ নম্বর বাসার সামনে থেকে বুধবার ভোরে মিজানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে সরকারবিরোধী ১০৪টি পোস্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারের পর সেন্টু পুলিশকে জানায়, তার সঙ্গে আরো তিন সদস্য ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে।
এর আগে গত রোববার রাতে সিদ্ধেশ্বরী বালুর মাঠ এলাকা থেকে মাসুদ রানা (২৬), মহিন উদ্দিন (১৯) এবং মো. তৌফিক আহমেদ (২৪) নামে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। ওই তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে (রিমাণ্ডে) রয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি ঝিগাতলা থেকে একই সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এর তিনদিন পরেই সংগঠনটির ব্যাংক হিসাব জব্দ ও প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/জেকে/১৯০৮ ঘ.
bdnews24