২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৃহস্পতিবারের মধ্যে ইউপি নির্বাচনের তফসিল'

বৃহস্পতিবারের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবারের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইউপি নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বলেন, "দেশের উপকূলীয় উপজেলারগুলোর ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুয়েকদিনের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশন বৈঠকে সব কিছু গুছিয়ে আনা সম্ভব হলে বুধবারও তফসিল ঘোষণা হতে পারে। কোন্ ইউনিয়নে কোন্ দিনে নির্বাচন হবে তা সমন্বয় করতে জেলা ও উপজেলার পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। স্থানীয় পর্যায়েই ভোটের দিন-নির্ধারণ করে ইসিকে অবহিত করবে ওই কমিটি। অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, প্রথম ধাপে উপকূলীয় অন্তত ৯০ উপজেলার প্রায় চারশ' ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। তিনি ইতোমধ্যে জানিয়েছিলেন, মার্চ মাসের শেষ দিকে ও মে মাস জুড়ে বিভাগওয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসে এসএসসি পরীক্ষা, মার্চের ১৯ তারিখ পর্যন্ত আদমশুমারি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচন দুই পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, মার্চের শেষ দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা (চট্টগ্রাম, খুলনা ও বরিশাল) ও মে মাসে দেশের অন্য সব বিভাগে এ নির্বাচন হবে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ১৪ ফেব্র"য়ারি জাতীয় সংসদে বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা যায়, চলতি বছরের মার্চ/এপ্রিল মাসে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন করা সম্ভব হবে।" এ পর্যন্ত যত ইউপি নির্বাচন স্বাধীনতা উত্তর দেশে এ পর্যন্ত সাতবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০০৩ সালের ২ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এ নির্বাচন হয়। এর আগে ১৯৭৩ সালে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর প্রথম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ১৯৮৩-৮৪ সালে ২৭ ডিসেম্বর, ১৯৮৮ সালে ১০ ফেব্র"য়ারি, ১৯৯২ সালে ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্র"য়ারি, ১৯৯৭ সালে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৭ ঘ.