২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় ইউপি নির্বাচন চায় ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইবে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়ভাবে হচ্ছে দেখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইবে ইসি। মঙ্গলবার ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আইনগতভাবে ইউপি নির্বাচন নির্দলীয় নির্বাচন। তাই এ নির্বাচন আয়োজনে দলগুলোর কাছে আমরা সহযোগিতা চাইব।" তিনি জানান, এ লক্ষ্যে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার জোটগতভাবে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সাখাওয়াত বলেন, "পৌরসভা নির্বাচনও নির্দলীয় নির্বাচন ছিল। কিন্তু দলগুলোর সাংসদ ও স্থানীয় নেতাদের অবস্থানের কারণে ওই নির্বাচন দলীয় নির্বাচনে পরিণত হয়। "এর প্রভাবে অনেক এলাকার পৌর নির্বাচন নিয়ে ইসির অভিজ্ঞতা সুখকর নয়। এবার কয়েক হাজার ইউনিয়ন পরিষদেও দলগুলো প্রভাব খাটানোর চেষ্টা করলে নির্বাচন অনুষ্ঠানে ইসির বেশ অসুবিধা হবে।" দলগুলোর সঙ্গে আলোচনা করে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে এ আলোচনার কোনো সম্পর্ক নেই। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারসহ দুইজন নির্বাচন কমিশনার বৃহস্পবিার সকাল সাড়ে ৯টায় মহাজোটের সঙ্গে আলোচনায় বসবে। বিরোধী চার দলীয় জোটের সঙ্গে বৈঠক হবে বিকাল সাড়ে ৩টায়। নবম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো হচ্ছে- ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর শরিক জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। প্রধান বিরোধী দল বিএনপি ও এর শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। জোটের বাইরে থাকা একমাত্র দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিকে মহাজোটের সঙ্গে বৈঠকে বসার জন্য বলা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। জোটগত বৈঠকে অনীহা জামায়াতের চারদলীয় জোটে বিএনপি'র শরিক দল জামায়াতে ইসলামী জোটগতভাবে আলোচনায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছে। এ বিষয়ে জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকার মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় নির্বাচনে জোটে থেকেও পাল্লা প্রতীকে নির্বাচন করেছে জামায়াত। পৌর নির্বাচনও জোটের বাইরে থেকেই করেছে। অতীতে বিভিন্ন সংলাপে ইসি আলাদাভাবে জামায়াতকে চিঠি দিয়েছে। "কিন্তু এবার বিএনপিকে যে চিঠি দেওয়া হয়েছে, আমাদেরকে তার অনুলিপি দেওয়া হয়েছে। আমরা তাই পৃথক আমন্ত্রণপত্র চেয়েছি।" জামায়াত জোটগতভাবে আলোচনায় যাবে না- এমন কথা চিঠিতে উল্লেখ করা হয়নি জানিয়ে তিনি বলেন, "আলাদা চিঠি না পেলে জামায়াত সংলাপে যাবে কিনা সে বিষয়ে বুধবার দলের সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/পিডি/২০২৬ ঘ.