ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় খালাস পেয়েছেন সাবেক বিএনপি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
মামলার বাদি অভিযোগ তুলে নেওয়ায় রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ মামলায় পিন্টুকে অব্যাহতি দেন।
তবে পিন্টুর বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা-লুণ্ঠনের মামলার বিচার চলছে। ফলে তার মুক্তি মিলছে না।
২০০৭ সালের ২৫ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীর চরের বিএনপিকর্মী কবির হোসেন তাকে হত্যার জন্য চেষ্টা চালানোর অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পিন্টুর বিরুদ্ধে মামলাটি করেন। পরে এ মামলা হাজারীবাগ থানায় পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২৬ জুন রাতে পিন্টুর মনেশ্বর রোডের বাড়িতে কবিরকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক দিয়ে পেটানো হয়।
পিন্টুর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির অভিযোগ তুলে নেওয়ার আদালত পিন্টুকে অব্যাহতি দিয়েছেন।
পিন্টু বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24